ইতিহাস গড়ে শেষ ষোলতে মিশর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
পেনাল্টি শুটআউটে মিশরের চতুর্থ শটটি জালে জড়াতেই জার্সি খুলে উল্লাসে মাতেন হোসাম আব্দেলমেগিদ। কর্নার পতাকার দিকে ছুটে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। মাঝমাঠ থেকে সতীর্থরা, ডাগআউট থেকে কোচিং স্টাফ ও বদলি খেলোয়াড়রা ছুটে এসে তাকে ঘিরে উদযাপনে মেতে ওঠেন। সেই মুহূর্তেই বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের ইতিহাস গড়ে মিশর।

ডালাসে শুক্রবার শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় মিশর।

৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা পাওয়া আফ্রিকার দলটি এবার সেই মঞ্চে নিজেদের প্রথম জয়ও তুলে নিল।

এর আগে বিশ্বকাপের নকআউটে মাত্র একটি ম্যাচ খেলেছিল ‘ফারাও’রা। ১৯৩৪ সালে শেষ ষোলোয় হাঙ্গেরির কাছে ৪-২ গোলে হেরেছিল তারা। সে সময় গ্রুপ পর্ব ছিল না, সরাসরি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল আসর।

অন্যদিকে, বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার জয়-অপেক্ষা আরও দীর্ঘ হলো। এর আগে ২০০৬ সালে ইতালির কাছে ১-০ এবং ২০২২ সালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল তারা।

মূল ম্যাচে দুই দলই খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। শুরুতেই এগিয়ে যায় মিশর। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার চার শটের দুটি লক্ষ্যভ্রষ্ট হয়। একটি ক্রসবারের ওপর দিয়ে চলে যায়, অন্যটি লাগে ক্রসবারে। অন্যদিকে মিশরের চার ফুটবলারই সফলভাবে বল জালে পাঠান।

১২০ মিনিটের খেলায় তেমন প্রভাব ফেলতে না পারলেও টাইব্রেকারে পানেনকা শটে গোল করেন মিশরের অধিনায়ক ও তারকা ফুটবলার মোহামেদ সালাহ।

জয়ের পর গ্যালারিতে থাকা সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন মিশরের ফুটবলাররা। আবেগে সালাহর চোখেও দেখা যায় আনন্দাশ্রু।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। প্রায় ২৫ গজ দূর থেকে ক্রিস্টিয়ান ভোলপাতোর বাঁ পায়ের জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

১৩তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ থেকেই এগিয়ে যায় মিশর। বক্সের বাইরে বাঁ দিক থেকে পাওয়া মুক্ত কিকে সালাহ ছোট পাস দিলে ইমাম আশুরের শট রক্ষণে বাধা পায়। তবে বল পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি অস্ট্রেলিয়া। পরে কারিম হাফেজের ক্রসে দূরের পোস্টে হেডে বল জালে জড়ান ইমাম আশুর।

আন্তর্জাতিক ফুটবলে ২৮ বছর বয়সী এই উইঙ্গারের এটি দ্বিতীয় গোল এবং দুটি গোলই এসেছে চলতি বিশ্বকাপে। প্রথম গোলটি করেছিলেন গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে।

এর মধ্য দিয়ে ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে আবারও গোলের দেখা পেল মিশর। সবশেষ তারা গোল করেছিল ১৯৩৪ সালে। বিশ্বকাপের এই ধাপে কোনো দেশের দুই গোলের মধ্যে এটিই সবচেয়ে দীর্ঘ সময়ের ব্যবধান। আগের রেকর্ড ছিল নরওয়ের ৮৮ বছর।

গোল হজমের পর আক্রমণের চেষ্টা বাড়ায় অস্ট্রেলিয়া। তবে প্রথমার্ধে গোলরক্ষকের হাতে যাওয়া একটি শট ছাড়া উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন ওমার মার্মুশ। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষকের মুখোমুখি হলেও লক্ষ্যভ্রষ্ট হন তিনি।

৪৯তম মিনিটে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান মিশরের ডিফেন্ডার মোহামেদ হেনি। প্রথমে মনে হয়েছিল তিনি জ্ঞান হারিয়েছেন। মাঠে স্ট্রেচার আনা হলেও পরে নিজেই উঠে দাঁড়ান।

৫৫তম মিনিটে তার আত্মঘাতী গোলেই সমতায় ফেরে অস্ট্রেলিয়া। বাঁ দিক থেকে নেওয়া মুক্ত কিক ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজের জালেই বল পাঠিয়ে দেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে এক আসরে দুটি আত্মঘাতী গোলের রেকর্ড গড়েন হেনি। এর আগে বেলজিয়ামের বিপক্ষেও আত্মঘাতী গোল করেছিলেন তিনি।

এবারের বিশ্বকাপে আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়ায় ১৩, যা এক আসরের সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালের আসরে হয়েছিল ১২টি আত্মঘাতী গোল।

সমতায় ফেরার পর দুই দলই অনেকটা সতর্ক ফুটবল খেলায় মনোযোগ দেয়। ফলে স্পষ্ট গোলের সুযোগও খুব একটা তৈরি হয়নি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে প্রায় জয়সূচক গোল পেয়ে যাচ্ছিল মিশর। উড়ে আসা ক্রসে রামি রাবিয়ার জোরালো হেড এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ।

১৩তম মিনিটে গোল করার পর সেটিই ছিল লক্ষ্যে মিশরের প্রথম শট।

এরপর কর্নার থেকে পাওয়া সুযোগে সালাহর দুর্বল শট সহজেই আটকে দেন গোলরক্ষক। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হাইসেম হাসানের শটও হাঁটু দিয়ে রুখে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার হ্যারি সুটার।

অতিরিক্ত সময়ের শুরুতে নিজের প্রথম বড় সুযোগ পান সালাহ। বক্সে আলগা বল পেলেও কাছ থেকে শট উড়িয়ে মারেন তিনি। হতাশা স্পষ্ট ছিল তার মুখে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে আর কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল।

টাইব্রেকারের কথা মাথায় রেখে ১১৮তম মিনিটে ২২ বছর বয়সী প্যাট্রিক বিচকে তুলে অভিজ্ঞ গোলরক্ষক ম্যাট রায়ানকে মাঠে নামান অস্ট্রেলিয়ার কোচ। তবে পুরো আসরে এর আগে এক মিনিটও না খেলা ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক কোনো শট ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত টাইব্রেকারে জয় নিশ্চিত করে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মিশর।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা