কলম্বিয়ার ফুটবলে শেষ হলো জেমস রদ্রিগেজের ১৫ বছরের আন্তর্জাতিক অধ্যায়। ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুটজয়ী এই তারকা ফুটবলার জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। কলম্বিয়ার জার্সিতে ৩১ গোলের পাশাপাশি ৪৩টি গোলে সহায়তা করেছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান ৩৪ বছর বয়সী রদ্রিগেজ। এর মধ্য দিয়ে ২০১১ সালে শুরু হওয়া তার আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
২০১১ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে কলম্বিয়ার হয়ে অভিষেক হয় রদ্রিগেজের। প্রথম ম্যাচেই গোল করে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। এরপর সময়ের সঙ্গে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
কলম্বিয়ার হয়ে সবচেয়ে বেশি ১৩১ ম্যাচ খেলার রেকর্ডও এখন রদ্রিগেজের দখলে। দীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে করেছেন ৩১ গোল এবং সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ৪৩ বার।
তবে রদ্রিগেজের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময় আসে ২০১৪ সালের বিশ্বকাপে। ব্রাজিলে অনুষ্ঠিত ওই আসরে মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে গোল্ডেন বুট জিতে নেন তিনি। শেষ ষোলোতে উরুগুয়ের বিপক্ষে তার করা দুর্দান্ত ভলি গোলটি বিশ্বকাপের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে আছে।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে আসেন রদ্রিগেজ। পরে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। জাতীয় দলের হয়ে পরবর্তী সময়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। ২০১৮ ও ২০২৬ বিশ্বকাপেও কলম্বিয়ার জার্সিতে মাঠে নামেন তিনি।
গত ৭ জুলাই সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে রদ্রিগেজের সর্বশেষ উপস্থিতি। টাইব্রেকারে হেরে ওই ম্যাচে বিশ্বকাপ অভিযান শেষ হয় কলম্বিয়ার। পরে সেই ম্যাচটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ হিসেবে নিশ্চিত হয়।
২০২৪ কোপা আমেরিকাতেও দলের সাফল্যে বড় ভূমিকা ছিল রদ্রিগেজের। তার নেতৃত্বে ফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হয় দলটি।
বিদায়বার্তায় কলম্বিয়ার জার্সির সঙ্গে নিজের আবেগ ও দায়িত্ববোধের কথা তুলে ধরেছেন রদ্রিগেজ। জাতীয় দলের ১০ নম্বর জার্সি এবং অধিনায়কের আর্মব্যান্ডকে তিনি একই সঙ্গে সম্মান ও দায়িত্বের প্রতীক হিসেবে দেখেছেন।
আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও ক্লাব ফুটবলে আপাতত থাকছেন রদ্রিগেজ। সম্প্রতি কলম্বিয়ার ক্লাব অ্যাতলেটিকো নাসিওনালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ফলে জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব পর্যায়ে আরও কিছুদিন মাঠে দেখা যেতে পারে ৩৪ বছর বয়সী এই তারকাকে।
সদ্য সংবাদ/এসকে