একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন

সদ্য সংবাদ ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৩:১৯
সংগৃহীত

রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহনব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষ্যে প্রায় আড়াই লাখ কোটি টাকার তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন করেছে সরকার। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর বিমানবন্দর, কমলাপুর, গাবতলী, হেমায়েতপুর, ভাটারা ও দাশেরকান্দিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আসবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প তিনটির অনুমোদন দেওয়া হয়। সভায় বিমানবন্দর-কমলাপুর এমআরটি লাইন-১, হেমায়েতপুর-ভাটারা এমআরটি লাইন-৫ নর্দান এবং গাবতলী-দাশেরকান্দি এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তিন প্রকল্পে সম্মিলিত ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি ২ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বড় ব্যয়ের প্রকল্প এমআরটি লাইন-১। প্রকল্পটির জন্য অনুমোদিত ব্যয় ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও সরকারের অর্থায়নে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এ মেট্রোরেল নির্মাণ করা হবে। ২০১৯ সালে প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা। সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।

নতুন অর্থায়ন কাঠামো অনুযায়ী, প্রকল্পটিতে সরকারের অর্থ থাকবে ৩০ হাজার ৫৫২ কোটি ২৬ লাখ টাকা। আর জাইকা ঋণ দেবে ৮৩ হাজার ৮৪২ কোটি ৬৩ লাখ টাকা। কোভিড-১৯ মহামারির প্রভাব, নকশা ও দরপত্র প্রক্রিয়া চূড়ান্তে বিলম্ব এবং দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প হওয়ায় বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতাকে ব্যয় বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে ব্যয় হবে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। ২০১৯ সালে এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল ৪১ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা।

এই রুটের হেমায়েতপুর থেকে আমিনবাজার অংশ উড়ালপথে এবং আমিনবাজার থেকে ভাটারা পর্যন্ত অংশ পাতালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে চালুর লক্ষ্য থাকলেও সংশোধিত পরিকল্পনায় বাস্তবায়নের সময়সীমা ২০৩২ সাল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এদিকে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি নতুন করে অনুমোদন পেয়েছে। ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা।

সাউদার্ন রুটের ১৩ দশমিক ১০ কিলোমিটার থাকবে পাতালপথে এবং ৪ দশমিক ১০ কিলোমিটার হবে উড়ালপথ। গাবতলী থেকে শুরু হয়ে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজগেট, আসাদগেট, শুক্রাবাদ, কারওয়ান বাজার, হাতিরঝিল ও আফতাবনগর হয়ে দাশেরকান্দি পর্যন্ত যাবে এ রুট। এতে মোট ১৫টি স্টেশন থাকবে। প্রকল্পটি চালু হলে গাবতলী থেকে দাশেরকান্দি যেতে সময় লাগবে আনুমানিক ২৮ মিনিট।

এর আগে এমআরটি লাইন-১ ও লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। আগস্টে দুই প্রকল্পের সম্মিলিত ব্যয় ২ লাখ ১৩ হাজার ৯৮৫ কোটি টাকা করার প্রস্তাব করা হলেও পরবর্তী পর্যালোচনায় তা কমিয়ে ২ লাখ ৪ হাজার ২৪৩ কোটি ২৫ লাখ টাকা নির্ধারণ করা হয়।

পুনর্গঠনের সময় মূল রেলপথ নির্মাণ, ভূমি উন্নয়ন ও ভবন নির্মাণ, বৈদ্যুতিক ও যান্ত্রিক সরঞ্জাম এবং ইউটিলিটি স্থানান্তরসহ কয়েকটি খাতে ব্যয় পুনর্বিবেচনা করা হয়েছে।

তিনটি প্রকল্প বাস্তবায়ন হলে রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্ক আরও বিস্তৃত হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকার মধ্যে দ্রুত গণপরিবহন যোগাযোগ গড়ে ওঠার পাশাপাশি নগরীর পরিবহনব্যবস্থায়ও বড় ধরনের পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী