ইরানের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা চলছে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে মেরামত কার্যক্রমের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন জানায়, ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে এসব তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করে থাকতে পারে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার আগেই এই লঙ্ঘন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সিএনএনের প্রতিবেদনে ইরানের পারচিন এলাকার একটি স্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত থাকতে পারে বলে ধারণা করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ওই এলাকায় হামলার পর সৃষ্ট ক্ষয়ক্ষতি মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। স্যাটেলাইট চিত্রে গর্ত ঢাকার অস্থায়ী ব্যবস্থা, পরে সেখানে জাল বসানো এবং কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাক দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এসব কার্যক্রম থেকে ধারণা করা হচ্ছে, ইরান ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্গঠনের কাজ করছে।
এ ছাড়া পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার টানেলের ভেতরেও ট্রাক চলাচলের চিত্র পাওয়া গেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক মহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে।