জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বাংলা থিয়েটার’-এর প্রযোজনায় নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য হেইজ’ (The Haze) গ্রিসের এথেন্স ইন্টারন্যাশনাল মান্থলি আর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ সেরা অরিজিনাল স্কোর ও সাউন্ডট্র্যাক বিভাগে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
এর আগে ‘বাংলা থিয়েটার’ ও ‘কাব্যিক স্কুল অব আর্টস’-এর যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি গ্রিস ছাড়াও ভারতের ৬ষ্ঠ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্টার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস এবং কলকাতার ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ অফিসিয়াল সিলেকশন লাভ করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী নাসির খন্দকারের নির্মাণ ও সম্পাদনায় নির্মিত ১৬ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি সম্পূর্ণ সংলাপবিহীন। মনস্তাত্ত্বিক ঘরানার এই চলচ্চিত্রে আবহসংগীতই হয়ে উঠেছে গল্প বলার প্রধান ভাষা। চরিত্রের মানসিক ভাঙন, আবেগ, উত্তেজনা ও সময়ের প্রবাহ শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সংগীত পরিচালক অনিরুদ্ধ হৃদয়।
এ প্রসঙ্গে অনিরুদ্ধ হৃদয় বলেন, “এই স্বীকৃতি আমার জন্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ফিল্ম কম্পোজিশনের আন্তর্জাতিক পরিসরে উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ‘দ্য হেইজ’-এ আমি সংগীতকে সংলাপের বিকল্প নয়, বরং গল্প বলার প্রধান ভাষা হিসেবে ব্যবহার করার সুযোগ পেয়েছি।”
চলচ্চিত্রটির মূল ভাবনা সজল দাসের এবং শিল্প নির্দেশনায় ছিলেন জেমিমা জেরিন রাইমা। চিত্রগ্রহণ করেছেন নাবিল মোস্তফা। এতে অভিনয় করেছেন গোলাম ফারুক জয়, উর্মি চক্রবর্তী, চান মিয়া এবং বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজাসহ আরও অনেকে।
চলচ্চিত্রটির সাফল্য প্রসঙ্গে সজল দাস বলেন, “বন্ধুদের সঙ্গে আড্ডার সময় হঠাৎ জন্ম নেওয়া একটি ভাবনা এভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে—তা কল্পনাও করিনি। এ জন্য ‘দ্য হেইজ’-এর পরিচালক নাসির খন্দকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই অর্জন শুধু বাংলা থিয়েটারের নয়, পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। বাংলা থিয়েটারের একজন কর্মী হিসেবে আমি অত্যন্ত আনন্দিত।”
পরিচালক নাসির খন্দকার বলেন, “‘দৃশ্যে গাঁথি শিল্পের সুর, মুক্ত করি প্রাণ’—এই শ্লোগান ধারণ করেই বাংলা থিয়েটারের পথচলা। যাদের অনুপ্রেরণা ও সহযোগিতায় আজকের এই অর্জন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
উল্লেখ্য, ‘শিল্প, সাহিত্য ও সৃজনশীলতা’—এই মূলমন্ত্র ধারণ করে ২০২২ সালের পহেলা বৈশাখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একদল তরুণ শিক্ষার্থীর উদ্যোগে যাত্রা শুরু করে ‘বাংলা থিয়েটার’। মঞ্চনাটকের পাশাপাশি ভিজ্যুয়াল মিডিয়াতেও সংগঠনটি সমানভাবে সক্রিয়। তাদের প্রযোজিত আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাজ্জাদুল শুভ পরিচালিত ‘হাফ টু ইনফিনিটি’ ইতালির ভিশন ফিল্ম ফেস্টিভালসহ ভারতের দুটি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।