পুলিশ ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি সূত্রে জানা গেছে, নিহত তাহমিদ ইসলামী একসময় ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন, মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব হন। সম্প্রতি তিনি বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট দক্ষিণ পৌর বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল আয়োজিত হয়। মাহফিলে তাহমিদও অংশ নেন। মাহফিল শেষে কথা-কাটাকাটি থেকে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজির অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে তাহমিদ খান গুরুতর আহত হন।
আহত তাহমিদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে, পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, 'কথাকাটাকাটি থেকে শুরু হওয়া এই সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাদের একজন তাহমিদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।'