জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ নির্মাণ এবং চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবি আদায়ে দেশের কোটি কোটি মানুষ প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করবেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে বলেও জানান তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীদের সতর্ক করে জামায়াতের এই নেতা বলেন, লংমার্চকে ঘিরে কোনো ধরনের উসকানিতে সাড়া দেওয়া যাবে না। তাঁর দাবি, আগের লংমার্চের তুলনায় এবার মানুষের অংশগ্রহণ কয়েক গুণ বেশি হবে।
লংমার্চের কারণে সাধারণ মানুষের চলাচলে সাময়িক অসুবিধা তৈরি হতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন গোলাম পরওয়ার। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।
সদ্য সংবাদ/ এআর