পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত ও ন্যায্য অর্থায়নে জ্বালানি রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’-এর অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী ও নদী রক্ষা আন্দোলন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটার কিপার্স বাংলাদেশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’-এর যৌথ আয়োজনে কর্মসূচিটি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মান্নু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ এবং আমরা কলাপাড়াবাসীর সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও আসন্ন কপ-৩১ (COP31)-এর প্রাক্কালে আয়োজিত বৈশ্বিক কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ, জলবায়ু অর্থায়ন নিশ্চিত এবং জনগণের জন্য দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।
তাঁরা কলাপাড়ায় নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবি জানান। পাশাপাশি কলাপাড়ায় থাকা দুটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে থাকা বিপুল পরিমাণ খালি জায়গায় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনেরও দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, কয়লাদূষণ বন্ধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে এবং এ আন্দোলনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে সরকারের পাশাপাশি সবাইকে ভূমিকা রাখতে হবে। পরিবেশদূষণ কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন থেকে সরে আসার কোনো বিকল্প নেই।
সদ্য সংবাদ/ এআর