স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়, হামলার সময় দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। অধিকাংশ হামলা বনাঞ্চল ও পাহাড়ঘেরা খোলা স্থানে চালানো হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের টহল অব্যাহত রয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-র অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। যদিও স্থানীয়রা বলছেন, ধারাবাহিক এই হামলায় বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
লেবাননের আল-মায়েদিন চ্যানেল জানিয়েছে, ইকলিম আল-তুফাহর উচ্চভূমি লক্ষ্য করে ধারাবাহিক বিমান অভিযান চালানো হয়।
এর আগে, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৬ বছর বয়সী সিরীয় কিশোর হোসেন মহসিন আল-খালাফ নিহত হন। আহত হন অন্তত ২৯ জন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে লেবাননে চার হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন প্রায় ১৭ হাজার জন। গত সপ্তাহেও বেকা উপত্যকা ও সিডন শহরের কাছে আইন আল-হিলওয়াহ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
এদিকে লেবানন সরকার জানিয়েছে, লিতানি নদীর দক্ষিণে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতির কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপ বাস্তবায়নে আরও চার মাস সময় প্রয়োজন।
একই দিনে ইসরায়েলি বাহিনী ইরানেও আকস্মিক হামলা চালিয়েছে বলে আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।