কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দিনে জামায়াতে ইসলামীর সমাবেশ আয়োজন নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে সমাবেশের সময় পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত ৩১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ৩১ জানুয়ারি কুমিল্লা শহরের টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই দিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।
পরবর্তীতে শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে দলটি সমাবেশের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়।