বান্দরবান সদর পৌরসভার ৯ নম্বর বাসস্ট্যান্ড কাসেমপাড়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি ওই কেন্দ্রে দখলের চেষ্টা চালায়। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জামাল উদ্দিনকে গুরুতরভাবে মারধর করা হয়।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সদস্যরা উপস্থিত থাকলেও হামলার ঘটনা ঘটে। পরে আহত সাংবাদিক জামাল উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ১১ দলীয় নির্বাচনি ঐক্য মনোনীত বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন। এক বিবৃতিতে তিনি বলেন, প্রশাসনের উপস্থিতিতে এমন ন্যক্কারজনক ঘটনা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্র: এশিয়ান পোস্ট