১২২ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি নতুন গাড়ি পাচ্ছে র‍্যাব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আভিযানিক সক্ষমতা বাড়াতে ১৬৩টি যানবাহন কেনার অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে তিনটি জিপ, ১০০টি পেট্রলচালিত পিকআপ ও ৬০টি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে টিসিবির জন্য দুই কোটি লিটার সয়াবিন তেল আমদানি, স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো এলএনজি সংগ্রহ, ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলে ১৮টি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ এবং দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাবও অনুমোদন পায়। পাশাপাশি শেরেবাংলা নগরে ১২ তলা সরকারি অফিস ভবন নির্মাণসহ মোট নয়টি বড় সরকারি ক্রয় ও ব্যয় প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ এপ্রিল অর্থ বিভাগের জারি করা পরিপত্রে সব ধরনের যানবাহন ক্রয়ে নিষেধাজ্ঞা থাকলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং র‍্যাবের কার্যক্রম জোরদারের প্রয়োজন বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ প্রস্তাব আকারে বিষয়টি উপস্থাপন করে। পরে মন্ত্রিসভা কমিটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে এসব যানবাহন কেনার অনুমোদন দেয়। ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে যানবাহন সংগ্রহ করা হবে। এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব নীতিগত অনুমোদন পায়।

এদিকে টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকিমূল্যে বিক্রির উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে দুই কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৮২ কোটি ৫৭ লাখ টাকা। আন্তর্জাতিক দরপত্রে নির্বাচিত প্রতিষ্ঠান পিটি ট্রিনিটি ছায়া এনার্জি প্রতি লিটার তেল ১ দশমিক ১৫১ মার্কিন ডলারে সরবরাহ করবে। সরকারি হিসাবে আমদানি ব্যয় যুক্ত করার পরও স্থানীয় বাজারের তুলনায় প্রতি লিটার তেলের খরচ প্রায় ১৬ টাকা কম হবে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে আরও তিন কার্গো এলএনজি আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। এ খাতে ব্যয় হবে ২ হাজার ১৮৬ কোটির বেশি টাকা। জুন মাসে সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া, বিপি সিঙ্গাপুর ও গানভর সিঙ্গাপুর থেকে এসব এলএনজি দেশে পৌঁছাবে।

বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ১৮টি নতুন ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণের তিনটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৮৬ কোটির বেশি টাকা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রকল্পের আওতায় উপকেন্দ্র নির্মাণ, যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন ও চালুকরণের কাজ বাস্তবায়ন করবে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান।

এ ছাড়া সরকারি মালিকানাধীন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সিরাজগঞ্জ ও ভেড়ামারা বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ ট্যারিফ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন ট্যারিফ কার্যকর হলে বছরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রায় ২০১ কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে রাজধানীর শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় তিনটি বেজমেন্টসহ ১২ তলা আধুনিক সরকারি অফিস ভবন নির্মাণের প্রস্তাবও অনুমোদন পায়। ১০৮ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে কুশলী নির্মাতা লিমিটেড ভবনটির নির্মাণকাজ সম্পন্ন করবে। প্রকল্পের আওতায় পানি সরবরাহ, স্যানিটারি ও বিদ্যুতায়নের কাজও অন্তর্ভুক্ত থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩ সদ্য. রাজধানীতে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন সদ্য. দাবি না মানলে ৮ দফা যেকোন সময় ১ দফায় পরিণত হবে: শফিকুর রহমান সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে তুহিনের পর এবার আনাসও আটক সদ্য. অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম