এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করে। সেই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি আলোচনায় রূপ দেওয়ার লক্ষ্যে আজ শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।
তবে ইরানের অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানান, ইরানি প্রতিনিধিরা ওই দিন রাতেই ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন। যদিও পরে তিনি সেই পোস্টটি মুছে ফেলেন। এ পর্যন্ত ইরানি প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কোনো নিশ্চিত তথ্য মেলেনি। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতির বিষয়েও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।
এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরদিন, ৮ এপ্রিল, লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ২৫৪ জন নিহত এবং প্রায় ১ হাজার ১০০ জন আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সূত্র: জেরুজালেম পোস্ট