সোমবার (১ ডিসেম্বর) সমাবেশে মাদুরো বলেন, 'আমরা শান্তি চাই। তবে তা হতে হবে স্বাধীনতা, সমতা ও সার্বভৌমত্বের ভিত্তিতে। উপনিবেশিক কোনো শর্তে শান্তি মেনে নেওয়া হবে না।'
এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক এক ফোনালাপে মাদুরোকে ক্ষমতা ছাড়ার জন্য আলটিমেটাম দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড জানিয়েছে, মাদুরো, তার স্ত্রী ও পুত্রের নিরাপদে দেশত্যাগের পথ তৈরি করেই ক্ষমতা ত্যাগে চাপ দেন ট্রাম্প। যদিও মাদুরো এসব প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
এদিকে ভেনেজুয়েলার ওপর চাপ বাড়াতে গত কয়েক মাস ধরে ক্যারিবিয়ানে মাদকবাহী জাহাজবিরোধী সামরিক অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুদ্ধজাহাজও ভেনেজুয়েলার সীমান্তের কাছে অবস্থান করছে। পাশাপাশি দেশটির আকাশসীমা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
ওয়াশিংটনের দাবি করেছে, এসব পদক্ষেপ মাদক পাচার রোধে করার জন্য নেওয়া হয়েছে। তবে, কারাকাসের অভিযোগ এটি আসলে শাসন পরিবর্তনের অপচেষ্টা।
সিএনএন সূত্রে জানা গেছে, পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প শিগগিরই মার্কো রুবিও ও প্রতিরক্ষা সচিব পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানেই নেওয়া হতে পারে পরবর্তী সিদ্ধান্ত।