শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজার এলাকায় মোটরসাইকেলে চলাফেরার সময় তাকে ওই বিশেষ গেঞ্জি পরে দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি করে।
নূর মোহাম্মদ উপজেলার বড়পাকুরিয়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে এবং জামতৈল বাজারের ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ দোকানের মালিক।
ঘটনার সূত্রপাত ঘটে গত ৫ এপ্রিল, যখন তিনি সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকার একটি জ্বালানি পাম্পে তেল নিতে যান। তবে পাম্প কর্তৃপক্ষ তাকে জানায়, ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করা সম্ভব নয়। এমনকি মোবাইলে কার্ডের ছবি দেখালেও তা গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।
এরপরই ভোগান্তি এড়াতে এবং বারবার কার্ড দেখানোর ঝামেলা কমাতে ৬ এপ্রিল তিনি অভিনব এক সিদ্ধান্ত নেন। নিজের ব্যবহৃত গেঞ্জির সামনে ফুয়েল কার্ডের তথ্য—নাম, ছবি ও পরিচয়সহ—প্রিন্ট করান। পাশাপাশি পেছনের অংশে কার্ড ব্যবহারের নির্দেশনা ও তেল সংগ্রহ সংক্রান্ত তথ্য যুক্ত করেন।
নূর মোহাম্মদ জানান, কার্ড সঙ্গে না থাকায় বারবার জ্বালানি নিতে গিয়ে সমস্যায় পড়তে হতো। সেই অসুবিধা দূর করতেই তিনি এই ব্যতিক্রমী পন্থা অবলম্বন করেছেন।
তিনি আরও বলেন, 'যতদিন এ ধরনের পরিস্থিতি থাকবে, ততদিন আমি এই গেঞ্জিই ব্যবহার করব।'