জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এ ঘোষণার পরপরই এনসিপির শীর্ষ পর্যায়ের তিন নেত্রী ফেসবুকে পৃথক রহস্যময় পোস্ট দেন, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
এই তিন নেত্রী হলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম এবং যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
সামান্তা শারমিন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমরা লড়াই ছাড়ব না। আল্লাহ সহায়।’ নুসরাত তাবাসসুম লেখেন, ‘নীতির চাইতে রাজনীতি বড় নয়। কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।’
অন্যদিকে ডা. মাহমুদা মিতু তার পোস্টে উল্লেখ করেন, ‘এক পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে-কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট।’
ডা. তাসনিম জারার পদত্যাগ ও স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণার পর দলের ভেতরে দেওয়া এই মন্তব্যগুলো এনসিপির অভ্যন্তরীণ পরিস্থিতি ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।