ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ক
কুবি প্রতিনিধি
২৫ অক্টোবর, ২০২৬ ২০:২১:৫৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ফারজানার পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

গতকাল ২৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ভুইঘর এলাকার একটি ভাড়া বাসা থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান তাঁর বড় ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম বলেন, তিন বছর আগে ভালোবেসে নাজমুল ইসলামকে বিয়ে করেন ফারজানা। বিয়ের সময় নাজমুল বেকার থাকায় প্রায় এক বছর ধরে তাঁকে আর্থিক সহায়তা দেয় ফারজানার পরিবার। পরে নাজমুল চাকরি পেলে সেই সহায়তা বন্ধ করে দেওয়া হয়। এরপরও বিভিন্ন সময়ে টাকার জন্য নাজমুল ফারজানার সঙ্গে দুর্ব্যবহার ও তাঁকে মারধর করতেন বলে অভিযোগ করেন আরিফুল।

একপর্যায়ে নির্যাতনের অভিযোগে বাবার বাড়িতে চলে যান ফারজানা। সেখানে চার মাস অবস্থান করলেও নাজমুল তাঁর খোঁজ নেননি বলে জানান আরিফুল। পরে নাজমুলের বিরুদ্ধে মামলা করে ফারজানার পরিবার। একপর্যায়ে পারিবারিক সমঝোতার ভিত্তিতে ফারজানাকে নিজের বাসায় নিয়ে যান নাজমুল। এরপর মামলাটি প্রত্যাহার করে নেয় তাঁর পরিবার।

আরিফুল জানান, গতকাল ২৪ অক্টোবর নাজমুলের দুলাভাই তাঁকে ফোন করে মামলাটি প্রত্যাহার করা হয়েছে কি না, তা জানতে চান। মামলা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করার পর তিনি ফারজানাকেও ফোনটির কথা জানান। তখন ফারজানা বলেন, নাজমুল বাসায় ফিরলে তাঁকে এ বিষয়ে জানাবেন। সন্ধ্যা ৭টা থেকে ফারজানার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। কয়েক ঘণ্টা পর রাত ১০টার দিকে নাজমুল ফোন করে ফারজানার আত্মহত্যার খবর দেন।

তবে আরিফুলের দাবি, ফারজানা আত্মহত্যা করেননি; তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বাড়ির মালিক আব্দুল কাদের বলেন, রাত সাড়ে ১০টার দিকে নাজমুল তাঁকে ডেকে স্ত্রীর আত্মহত্যার কথা জানান। পরে তাঁরা গিয়ে ফারজানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আব্দুল কাদের আরও বলেন, এর আগে তিনি আত্মহত্যার ঘটনায় একজনের মরদেহ নামিয়েছিলেন। তবে ফারজানার মরদেহ দেখে আগের ঘটনার সঙ্গে মিল পাননি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, আত্মহত্যার ঘটনায় সাধারণত জিহ্বা ও চোখ বেরিয়ে থাকার মতো লক্ষণ দেখা যায়, যা ফারজানার ক্ষেত্রে তিনি দেখতে পাননি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

ফারজানার সহপাঠী নাজমুন নাহার বলেন, নিজেদের মধ্যে প্রেমের সম্পর্কের পর বিয়ে হওয়ায় দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলেও ফারজানা তা তাঁদের সঙ্গে ভাগ করে নিতে চাইতেন না। আগামীকাল ফারজানার একটি প্রেজেন্টেশন ছিল। তাঁদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব বলেন, ঘটনাস্থলে গিয়ে ফারজানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় তদন্ত চলছে।

সদ্য সংবাদ/এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা