ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে টানা তৃতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার কালিকচ্ছ বাজার এলাকায় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজন দফায় দফায় সংঘর্ষে জড়ালে অন্তত ২০ জন আহত হন।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া দাবি করেন, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে তার সুদের এক লাখ টাকা পাওনা রয়েছে। তবে খাদিম ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার রাতে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে খাদিম নিহত হন।
এরপর সোমবার বিকেলে খাদিমের জানাজা শেষে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন।
সেই ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আবারও দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া বলেন, থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।