ফরাসি বার্তা সংস্থা 'এএফপি' জানিয়েছে, সর্বশেষ গত সোমবার মক্কা অঞ্চলে এক সুদানি নাগরিককে হত্যার দায়ে তিন সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর মধ্য দিয়ে ২০২৪ সালের ৩৩৮টি মৃত্যুদণ্ডের আগের রেকর্ড ভেঙে যায়।
বিশ্লেষকদের মতে, মৃত্যুদণ্ডের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার প্রধান কারণ মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে সৌদি আরবের কঠোর অবস্থান। চলতি বছরে যাদের সাজা কার্যকর হয়েছে, তাদের মধ্যে ২৩২ জনই মাদক মামলায় দোষী সাব্যস্ত, যা মোট সংখ্যার দুই-তৃতীয়াংশের বেশি।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, ২০২৩ সাল থেকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানের ফলেই এই প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে ক্যাপটাগন নামের মাদক দমনে অভিযান জোরদার করা হয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে চীন ও ইরানের পর সৌদি আরব টানা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা দেশ। সংস্থাটি বর্তমান পরিস্থিতিকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে।