সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দমদমা সীমান্ত এলাকার পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দিনের ছেলে আশিকুর রহমান (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে ইয়াকুব (২২)।
স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা যায়, দমদমা সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে রাজনটিলা এলাকায় ভারতীয় খাসিয়ারা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আশিকুর প্রাণ হারান। পরে তাঁর সঙ্গীরা মরদেহটি বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন।
একই এলাকায় পৃথক ঘটনায় খাসিয়াদের গুলিতে মোশাইদ নামের আরও এক যুবক আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দেশের ভেতরে এনে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম জানান, ঘটনাটি সীমান্তের ভারতীয় অংশের প্রায় দেড় কিলোমিটার ভেতরে ঘটে। খাসিয়াদের সুপারি বাগান থেকে সুপারি চুরির সময় তারা গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।