শুক্রবার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নির্ধারিত আলোচনা বাতিল করা হয়েছে। বৈঠকের স্থান ও কাঠামো পরিবর্তনের তেহরানের দাবিতে ওয়াশিংটন রাজি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরানকে জানিয়ে দেন যে আলোচনার পূর্বনির্ধারিত কাঠামো পরিবর্তনে তারা সম্মত হবেন না। এর পরপরই বৈঠকটি বাতিল করা হয়।
মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বর্তমান অচলাবস্থা কূটনৈতিক পথকে ব্যাহত করতে পারে এবং এর ফলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক বিকল্পের দিকে ঝুঁকতে পারেন—এমন আশঙ্কাও বাড়ছে।
তবে এক মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন এখনো কূটনীতির পথ খোলা রাখতে চায়। ইরান যদি আগের নির্ধারিত কাঠামোতে ফিরতে সম্মত হয়, তাহলে চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতেই আলোচনা বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।
উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতিতে বৈঠক বাতিলের ঘটনা ঘটল—যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে টানাপোড়েন চরমে এবং উভয় পক্ষই প্রকাশ্যে উত্তেজনা বাড়াতে না চাওয়ার কথা বললেও কূটনৈতিক যোগাযোগ ক্রমেই নাজুক হয়ে উঠছে।