সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন। রবিবার (৯ আগস্ট) বিকেলে শহরের চারমাথা মোড়ে ফোরলেন রাস্তার কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘এই দেশের মানুষের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের কারণে স্বৈরাচার বাধ্য হয়ে পালিয়েছে। দেশ থেকে পালিয়ে উনি এখন যে অবস্থায় আছেন, আমরা আশা করব, ওনার যদি সাহস থাকে, তাহলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন।’
ডা. জাহিদ বলেন, ‘আইনে যদি উনি খালাস পেয়ে যান, খুবই ভালো কথা। কিন্তু তাকে আইন-আদালতের মুখোমুখি হয়ে, বিচারের সম্মুখীন হয়ে এ সমস্ত কথা বলা উচিত।
তিনি বলেন, ‘স্বৈরাচারের পতন-পরবর্তী দেশের মানুষ অনেক ভালো আছে। অহেতুক মানুষকে উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যেকোনো প্রচেষ্টা জনগণ যেকোনো উপায়েই হোক, প্রতিহত করবে।’
এ সময় দিল্লি থেকে শেখ হাসিনার ‘উসকানিমূলক’ বক্তব্যের প্রতিবাদও জানান তিনি।
মন্ত্রী বলেন, হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট ও চারমাথা মোড় থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত সড়কের বেহাল দশার কারণে দীর্ঘ ভোগান্তি ছিল।
সেই সঙ্গে এর প্রভাব বন্দরের ব্যাবসা বাণিজ্যে পড়েছে। এই অংশে ফোরলেনে উন্নীত করা ব্যাবসায়ী ও স্থানীয়দের দীর্ঘ দিনের চাওয়া ছিল। কাঙ্খিত স্বপ্ন এখন বাস্তাবায়িত হতে যাচ্ছে। আগামী ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হলে এ বন্দরের ব্যাবসা-বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। ফলে এখানকার মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী আমাউল্লাহ আমান,উপ-সহকারী প্রকৌশল তাওহীদ উর রহমান, ইউএনও জর্জ মিত্র চাকমা, ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী প্রমুখ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস