দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার বর্ধিত সময়সীমা শেষ হয়েছে। এর ফলে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রাজধানীসহ দেশের দোকানপাট, মার্কেট ও বিপণিবিতানগুলো আগের নির্ধারিত সময়সূচিতে ফিরছে। এখন থেকে সকাল ১১টায় কার্যক্রম শুরু করে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে এসব প্রতিষ্ঠান।
বিদ্যুৎ সাশ্রয় এবং জ্বালানি ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এ সময়সূচি কার্যকর হচ্ছে। গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের অনুমতিতে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল। সেই বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় আগের নিয়মে ফিরতে হচ্ছে ব্যবসায়ীদের।
নতুন সময়সূচি অনুযায়ী, পূজার সময় রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার যে সুযোগ ছিল, তা আর থাকছে না। এতে প্রতিদিন ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার সময় দুই ঘণ্টা কমে গেল।
চলতি বছরে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় পুনর্নির্ধারণ করা হয়। বছরের শুরুতে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা দেওয়া হলেও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পরে সময় বাড়ানো হয়। এরপর ঈদুল আজহাকে কেন্দ্র করে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনায় বন্ধের সময় রাত ৯টা নির্ধারণ করা হয়। গত ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগে তা আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়। দুর্গাপূজা উপলক্ষে সাময়িক ছাড় দেওয়ার পর শুক্রবার থেকে আবারও সেই সময়সূচি চালু হলো।
সদ্য সংবাদ/এসএস