ইউরোপের তিনটি দেশ থেকে ফেরত পাঠানো ৩৫ বাংলাদেশি শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন। তাঁদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে পিভিজি ৯৪৪৫ নম্বরের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পুলিশ ও বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁদের পাশে দাঁড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা, মানসিক কাউন্সেলিং এবং বাড়ি ফেরার জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান জানান, ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় দেশে ফেরা ব্যক্তিদের সহায়তা দেওয়া হচ্ছে। কাউন্সেলিং ও প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে তাঁদের অর্থনৈতিক সহায়তাও দেওয়া হবে।
অনিয়মিতভাবে ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া পরিচালনায় বাংলাদেশ সরকার ২০১৭ সালে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি করে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে ফেরত আসা ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য।
সদ্য সংবাদ/এসএস