বগুড়ার শিবগঞ্জে স্বামী এমদাদুল হক ধানের শীষের পরিবর্তে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলায় অভিমানে গোলাপী বেগম (৪৮) বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে শেষ পর্যন্ত তার ধানের শীষে ভোট দেওয়া হয়নি। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে উপজেলার সদর ইউনিয়নের নূরবাগ মাঝপাড়া গ্রামের বাড়িতে ঘটনাটি ঘটে।
শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওয়াহাব জানান, সংসার রক্ষার স্বার্থে গত দুই দিন বিষয়টি গোপন রাখা হয়েছিল। তিনি আরও বলেন, সদ্য নির্বাচিত এমপি মীর শাহে আলম ওই গৃহবধূর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম তাজুল ইসলামসহ স্থানীয়রা জানান, নূরবাগ মাঝপাড়া গ্রামের এমদাদুল হক জামায়াতে ইসলামী সমর্থক এবং তার স্ত্রী গোলাপী বেগম বিএনপি সমর্থক। বৃহস্পতিবার সকালে এমদাদুল হক স্ত্রীকে দাঁড়িপাল্লায় ভোট দিতে বলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ভোট দিতে স্থানীয় কেন্দ্রে চলে যান। বেলা সাড়ে ১১টার দিকে গোলাপী বেগম ঘরে ঢুকে বিষপান করেন।