সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশেই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল এবং পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগ কর্মী মো. রবিউল ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী মো. আশরাফুল ইসলাম ওরফে সোহাগ (২৮) এবং ছাত্রলীগ কর্মী মো. সাজু (১৭)। শুক্রবার (৩০ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান দেশের একটি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে কোবদাসপাড়া ও একডালা এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। তারা প্রত্যেকেই পুলিশের টহল গাড়ির পাশে অনুষ্ঠিত মিছিলে অংশ নিয়েছিলেন।
এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে জানপুর, দত্তবাড়ি ও কামারখন্দ এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮), যুবলীগ কর্মী চান শেখ (৪৫) এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)। বৃহস্পতিবার আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
এদিকে, ঘটনাটির সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে যমুনা সেতু পশ্চিম থানার চার সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হিসেবে তাদের ক্লোজড করা হয়েছে। তারা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুর রহমান, কনস্টেবল নাসিমুজ্জামান, মোরশেদুল ইসলাম এবং গাড়িচালক আব্দুল গফুর।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু এবং যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার সূত্রপাত বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে। সিরাজগঞ্জ মহাসড়কের একটি স্থানে পুলিশের টহল গাড়ির পাশ দিয়ে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল যাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হকের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে একরামুল হককে মিছিলে উপস্থিত থাকতে দেখা যায়। মিছিলের সামনে থাকা পুলিশের গাড়িতে তখন সদস্যরা অবস্থান করছিলেন। এ সময় মিছিল থেকে পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। একপর্যায়ে টহল গাড়ির দরজা খোলা হলেও পরে সেটি বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সদস্যরা।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরপরই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় মোট সাতজন গ্রেপ্তার হয়েছেন এবং দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস