ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ারকে (৬২) কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা রোববার (২১ ডিসেম্বর) জামিন আবেদন করে আদালতে হাজির হন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি মামলার প্রধান আসামি বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার স্বেচ্ছায় জামিন আবেদন নিয়ে রোববার সকাল সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হন। জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিফাত উল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
শাহ্ শহীদ সারোয়ার ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তিনি ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সমঝোতায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঈগল’ প্রতীক নিয়ে নির্বাচন করায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ রিকশাচালক আমীর হোসেন (৩১) শাহ্ শহীদ সারোয়ারসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে গত ১২ জুলাই ফুলপুর থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে অসুস্থ বাবাকে দেখতে বাড়ি যাওয়ার পর ঢাকায় ফেরার পথে দুপুর ১২টার দিকে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিলে গুলিবিদ্ধ হন আমীর হোসেন। পরে তিনি ময়মনসিংহ ও ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়।
মামলায় এক নম্বর আসামি করা হয়েছে ফুলপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে এবং দুই নম্বর আসামি করা হয়েছে বিএনপির সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ারকে। এজাহারে উল্লেখ করা হয়, দুই নম্বর আসামির নেতৃত্বে সেদিন স্বৈরাচারী হাসিনা সরকারের অস্ত্রধারী লোকজন ও পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে হামলা চালানো হয়।