ভাইরাল ভিডিওতে দেখা যায়, শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত নারীদের মধ্যে কম্বল দিচ্ছিলেন সাবেক এই সংসদ সদস্য। এ সময় এক নারীর নাম জানতে চাইলে নাম থেকে তার ধর্মীয় পরিচয় অনুমান করে তাকে কম্বল না দেওয়ার নির্দেশ দেন বলে ভিডিওতে শোনা যায়। সেখানে তাকে বলতে শোনা যায়, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালি দেন, তারা কম্বল পাওয়ার যোগ্য নন। পাশাপাশি কয়েকজন মুসলিম নারীকে স্থান ত্যাগ করতেও বলা হয়।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত লোকসভায় প্রতিনিধিত্বকারী এই বিজেপি নেতার এমন বক্তব্যে উপস্থিত কয়েকজন আপত্তি জানান।
ঘটনাটি নিয়ে টঙ্ক-সোয়াই মাধোপুরের বর্তমান কংগ্রেসদলীয় সংসদ সদস্য হরিশ চন্দ্র মিনা তীব্র সমালোচনা করেন।
এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সামাজিক যোগাযোগমাধ্যম শাখার প্রধান সুপ্রিয়া শ্রীনাথ ভিডিওটি শেয়ার করে সুখবীর সিংকে ‘সংকীর্ণমনা’ আখ্যা দিয়েছেন। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগে বিষয়টি নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে।