নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় জেলা বিএনপির প্রবীণ সদস্য রঞ্জিত কুমার সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী পথসভায় বক্তব্য দিতে গিয়ে জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকার ধানের শীষের প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন ও নারীবিদ্বেষী মন্তব্য করেন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এর পরিপ্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশে রঞ্জিত কুমার সরকারকে দলীয় সব পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৪ জানুয়ারি) লালপুর উপজেলার কড়াইতলা এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক (বহিষ্কৃত) তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় ওই বক্তব্য দেন রঞ্জিত কুমার সরকার।
ঘটনার পর বিষয়টি প্রশাসনের নজরে এলে ওই দিন রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ বলেন, দলের প্রার্থীকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ায় কেন্দ্রীয় নির্দেশে রঞ্জিত কুমার সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।