ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশের নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ছাড়েন।
সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। এর অংশ হিসেবে একই দিন দুপুর ২টার পর থেকে তারা অর্থ উপদেষ্টাকে কক্ষে আটকে রাখেন। অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভকারীরা তার দরজার সামনে হ্যান্ড মাইক ব্যবহার করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার মধ্যে ‘ভুয়া ভুয়া’ স্লোগানও ছিল।
আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে—এমন বার্তা পাঠানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। আজই প্রজ্ঞাপন প্রকাশের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।
রাত ৮টার আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও উপদেষ্টাকে উদ্ধারে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। তখন আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে ও শোরগোল তৈরি করে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
তীব্র উত্তেজনার মধ্যেই রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তা বেষ্টনি দিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সচিবালয় থেকে বের করে আনা হয়।