মুন্সীগঞ্জের মোল্লাকান্দির চর এলাকায় বিশেষ অভিযান ও নজরদারি জোরদার করেছে জেলা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (২৩ অক্টোবর) এ কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মোল্লাকান্দির চর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে থেকে নজরদারি চালায়।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি বজায় রাখাই এ অভিযানের মূল উদ্দেশ্য।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান, টহল এবং নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
সদ্য সংবাদ/এআর