ইসলাম ও মুসলমানদের লক্ষ্য করে ছড়ানো বিদ্বেষমূলক বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। মুসলমানদের প্রতি চলমান দুর্ব্যবহারে হতাশা প্রকাশের পাশাপাশি পবিত্র কোরআনের বাণীও উদ্ধৃত করেছেন তিনি।
আন্তর্জাতিক কোরআন বার্তা সংস্থা আইকিউএনএর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার কোনোনিয়া ওয়ারশিপ সেন্টারে দেওয়া বক্তব্যে মুসলমানদের সঙ্গে চলমান অবিচার ও দুর্ব্যবহার নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন ক্লিনটন। ইসলাম ধর্ম ও এর অনুসারীদের আক্রমণ কিংবা অবমাননা করে এমন বক্তব্যের বিরোধিতা করেন তিনি। একই সঙ্গে বৈষম্য ও উসকানি ছাড়াই প্রত্যেকের ধর্মীয় বিশ্বাস ধারণ এবং আচার পালনের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।
বক্তব্যে ক্লিনটন বলেন, মুসলমানদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা তাঁকে ক্লান্ত ও হতাশ করেছে। সমাজে ধর্মীয় অসহিষ্ণুতা এবং ইসলামবিদ্বেষী বক্তব্যের বিস্তার নিয়ে তাঁর উদ্বেগও এতে প্রকাশ পায়। ধর্মীয় ও সাংস্কৃতিক পার্থক্যকে বিরোধ কিংবা বিভাজনের কারণ হিসেবে না দেখে পারস্পরিক বোঝাপড়া ও সুসম্পর্ক গড়ে তোলার সুযোগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
পবিত্র কোরআনের শিক্ষার প্রসঙ্গ টেনে ক্লিনটন বলেন, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সংযোগ স্থাপনের বার্তা রয়েছে এতে। মানুষের বৈচিত্র্যকে দূরত্ব তৈরির উপাদান না বানিয়ে একে অপরকে জানা, বোঝা এবং সহযোগিতার ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত বলেও ইঙ্গিত দেন তিনি।
পশ্চিমা দেশগুলোতে ইসলাম ও মুসলমানদের নিয়ে বিতর্ক, ইসলামোফোবিয়া এবং ধর্মীয় বৈষম্যের বিষয়ে আলোচনা চলার মধ্যেই ক্লিনটনের এ বক্তব্য সামনে এসেছে। বহুত্ববাদ, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে এসব বিষয় নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
সদ্য সংবাদ/এআর