পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৩ নম্বর চত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে দুজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
নুরুল হকের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. আবু নাঈম জানান, শনিবার রাতে ডাকুয়া এলাকায় হাসান মামুনের কর্মী-সমর্থকেরা ঘোড়া প্রতীকের মিছিল নিয়ে যাচ্ছিলেন। একই সময়ে সেখানে ট্রাক প্রতীকের কয়েকজন স্থানীয় সমর্থক অবস্থান করছিলেন। ঘোড়া প্রতীকের সমর্থকেরা সংখ্যায় কম দেখে উসকানিমূলক স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে মারধর শুরু করেন। এতে ট্রাক প্রতীকের সমর্থক মো. আলতাফ প্যাদা (৪০), মো. ফিরোজ খান (৩৫), মো. মাহাতাব খান (৩৭)সহ সাত থেকে আটজন আহত হন।
অন্যদিকে হাসান মামুনের সমর্থক মো. মারুফ (২৩) বলেন, শনিবার রাতে তারা ডাকুয়া এলাকার নির্বাচনী কার্যালয় থেকে ঘোড়া প্রতীকের স্লোগান দিয়ে মিছিল করে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রাক প্রতীকের সমর্থকেরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে হামলা চালান। এতে সাত থেকে আটজন আহত হন। আহতদের মধ্যে জায়েদ মাহমুদ সাআদ (২৩) ও মো. ওয়াজিব হাওলাদার (২৪) গুরুতর আহত হওয়ায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ডাকুয়া এলাকায় নুরুল হক নুর ও হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় কোনো উত্তেজনা নেই।