প্রত্যেক ভোটকেন্দ্রে একজন না, অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) বিবেচনা করে দেখার করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৯ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে সংলাপে বসে এ কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘কিছু যৌক্তিক কারণে আমরা বলেছিলাম গণভোটটা আগে হোক। কারণ একই দিনে দুইটি ভোট হলে জনগণ বুঝতে পারবে না। জনগণকে তো বুঝতে হবে গণভোটটা কি।’
ভোটার তালিকায় ভোটারের ছবি আরো স্পষ্ট করার উদ্যোগ ও প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলের অঙ্গীকারনামা কোথায় জমা দিতে হবে তা স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
ব্যারিস্টার শিশির মনির আচরণবিধির দুর্বলতা নিয়ে বলেন, 'আচরণবিধি লঙ্ঘন হলে শাস্তি কে দেবেন, তা স্পষ্ট নয়। একই অপরাধে প্রার্থী ও দলকে কীভাবে শাস্তি দেওয়া হবে সেটিও স্পষ্ট নয়। তাছাড়া, কেঊ অভিযোগ জমা দিলে তা নিষ্পত্তির সময়সীমার ব্যাপারে কোন উল্লেখ নেই।'
তিনি বলেন, ‘এক মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী সংলাপ সব আসনে বাধ্যতামূলক নাকি কেউ করবে কেউ করবে না এমন? এই বিধান দেখে মনে হয় আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এটি স্পষ্ট করা প্রয়োজন।’