নারায়ণগঞ্জের অন্যতম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পপুলার ডায়াগনস্টিক সেন্টার-এ চিকিৎসা নিতে গিয়ে এক প্রবীণ নারী রোগী চরম অমানবিকতার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী রোগীর বয়স প্রায় ৭০ বছর।
স্বজনদের অভিযোগ, নিয়ম অনুযায়ী আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার সময় প্রস্রাবের চাপ থাকা প্রয়োজন হয়। সেই নির্দেশনা মেনে রোগী যথাসময়ে সেন্টারে উপস্থিত হন এবং আধাঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করেন। কিন্তু চিকিৎসক পরীক্ষা শুরু না করায় তিনি শারীরিকভাবে চরম কষ্টে পড়েন। বারবার অনুরোধ সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সহকারীরা কর্ণপাত করেননি।
অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ে আল্ট্রাসনোগ্রাম না করিয়ে রোগীকে বসিয়ে রাখা হয়। বয়সজনিত কারণে তিনি অসহনীয় শারীরিক কষ্টে পড়লেও কর্মীরা কোনো সহানুভূতি দেখাননি। দীর্ঘ অপেক্ষা ও মানসিক চাপের পর বাধ্য হয়ে পরবর্তীতে অন্য চিকিৎসকের মাধ্যমে আল্ট্রাসনোগ্রাম করাতে হয়।
এ বিষয়ে রোগীর স্বজনরা কর্তৃপক্ষকে অভিযোগ করলে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার স্বপন বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে অভিযোগকারীরা বলেন, বাস্তবে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের সহকারী দাম্ভিক আচরণ করেন এবং বৃদ্ধা নারীকে আরও অপমানিত করেন। এতে রোগী ও তার পরিবারের সদস্যরা মানসিকভাবে ভীষণ কষ্ট পান।
স্থানীয়রা জানান, চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে প্রবীণ রোগীদের প্রতি সর্বোচ্চ যত্ন ও মানবিকতা প্রদর্শন করা উচিত। অথচ এ ঘটনায় ঘটেছে তার সম্পূর্ণ উল্টোটা।
এ বিষয়ে একজন ভুক্তভোগীর স্বজন বলেন, “৭০ বছরের এক নারী রোগীকে এভাবে কষ্ট দেওয়া মানে শুধু অমানবিকতা নয়, চিকিৎসা নৈতিকতারও চরম লঙ্ঘন। আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত এর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”
চিকিৎসা সেবার মান ও রোগীর মর্যাদা রক্ষার দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীর প্রতি সম্মান ও সহমর্মিতা নিশ্চিত না হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে।
উপরোক্ত বিষয়ে পুপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার পুরো বিষটি অস্বীকার করেন। এবং এমন কোন ঘটনা ঘটেনি বলে জানায় তিনি।
সচেতন মহলের দাবি, ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগী হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চিকিৎসা সেবার নামে কাউকে হয়রানি বা অপমান করা শুধু অমানবিকই নয়, সমাজ ও রাষ্ট্র উভয়ের জন্যই অগ্রহণযোগ্য।