সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এক ফেসবুক পোস্টে মাশরাফির রাজনৈতিক অবস্থান, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাম্প্রতিক সহিংসতায় তাঁর কথিত ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ করেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আওয়ামী লীগ আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরবে এমন প্রত্যাশা থেকেই মাশরাফি রাজনৈতিকভাবে দলটির প্রতি অনুগত রয়েছেন। ভবিষ্যতে শেখ হাসিনা ক্ষমতায় ফিরলে মাশরাফিকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁনের অভিযোগ, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত আর্থিক সহায়তা দিয়ে আসছেন মাশরাফি। সাম্প্রতিক সহিংসতার ঘটনাতেও তাঁর অর্থায়ন ও মদত রয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পোস্টে উপস্থাপন করেননি রাশেদ খাঁন।

এ ছাড়া ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় মাশরাফির বাড়িতে ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ওই ঘটনার পর থেকেই প্রতিশোধপরায়ণ হয়ে উঠেছেন সাবেক এই ক্রিকেটার। তাঁর অভিযোগ, বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে অর্থ ব্যয় করে মাশরাফি পরোক্ষভাবে সহযোগিতা করছেন।
মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করছেন উল্লেখ করে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, এ বিষয়ে মাশরাফি নিজে কেন কোনো বক্তব্য দিচ্ছেন না। একই সঙ্গে ২০২৪ সালের ৪ আগস্ট তাঁর বাবার ভূমিকা নিয়েও অভিযোগ করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও মন্তব্য করেন, গণঅভ্যুত্থানের সময় মাশরাফির উচিত ছিল সংসদ সদস্য পদ ছেড়ে ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া। তা না করে অন্তত আন্দোলন-পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত ছিল বলে মনে করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস