রাস্তায় কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফেরত দিলেন দরিদ্র চানাচুর বিক্রেতা

ম
মো. রুহুল আমিন (সুনামগঞ্জ প্রতিনিধি)
২৩ নভেম্বর, ২০২৬ ২২:২৯:৪৮
ছবি: সদ্য সংবাদ

দরিদ্র এক চানাচুর বিক্রেতার সততায় মুগ্ধ হয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক ওষুধ ব্যবসায়ী। রাস্তায় কুড়িয়ে পাওয়া তিন ভরির বেশি ওজনের স্বর্ণালংকার মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন তিনি। রোববার (২২ নভেম্বর) রাতে এসব স্বর্ণালংকার ফেরত দেন ওই বিক্রেতা।

ওই চানাচুর বিক্রেতার নাম আমির উদ্দিন (৩৫)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী-জামলাবাজ গ্রামের বাসিন্দা। বর্তমানে সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকায় বসবাস করেন। ভ্যানগাড়িতে করে চানাচুর বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।

জানা যায়, রোববার সন্ধ্যার পর সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার এলাকায় নিজের ভ্যানের সামনের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন আমির উদ্দিন। ব্যাগে অন্যান্য জিনিসের সঙ্গে ছিল প্রায় তিন ভরি স্বর্ণালংকার। প্রায় চার ঘণ্টা পর মালিকের সন্ধান পেয়ে ব্যাগসহ স্বর্ণালংকার ফিরিয়ে দেন তিনি। রাত ১১টার দিকে ব্যাগটি নিয়ে থানায় যান আমির উদ্দিন। পরে পুলিশের উপস্থিতিতে প্রকৃত মালিকের হাতে সেটি তুলে দেওয়া হয়। এ সময় তাঁর সততায় মুগ্ধ হয়ে পাঁচ হাজার টাকা উপহার দেন স্বর্ণালংকারের মালিক সজল তালুকদার।

সজল তালুকদারের বাড়ি জেলার তাহিরপুর উপজেলার সূর্যেরগাঁও গ্রামে। সেখানে তাঁর একটি ফার্মেসি রয়েছে। তাঁর পরিবার সুনামগঞ্জ শহরের আবুল হোসেন রোডের একটি ভাড়া বাসায় থাকে। রোববার বিকেলে তাঁর স্ত্রী স্বর্ণের এক জোড়া বালা ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণালংকারের দোকানে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সজল তালুকদার ও তাঁদের দুই শিশু সন্তান।

কাজ শেষে তাঁরা শহরের আলফাত স্কয়ার হয়ে ফলবাজারের দিকে রিকশায় করে বাসায় ফেরেন। বাসার সামনে রিকশা থেকে নামার পর তাঁরা দেখতে পান, সজলের স্ত্রীর হাতব্যাগটি নেই। কীভাবে বা কোথায় ব্যাগটি হারিয়েছে, তা তাঁরা বুঝতে পারেননি।

এরপর সজল তালুকদার তাঁর দুই বন্ধুকে নিয়ে প্রথমে সুনামগঞ্জ সদর থানায় গিয়ে বিষয়টি জানান। পরে তাঁরা বাজারের বিভিন্ন স্থানে ব্যাগটির সন্ধান করতে থাকেন। একপর্যায়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান সজল। রাত প্রায় ১১টার দিকে তাঁর বন্ধুরা অন্য একটি রিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে সজলের স্ত্রীর স্বর্ণালংকার হারানোর বিষয়টি নিয়ে তাঁরা আলোচনা করছিলেন।

এ সময় তাঁদের বহনকারী তরুণ রিকশাচালক আবু সাইদ জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়েছেন বলে তিনি জানেন। সেটি হারানো ব্যাগ কি না, তা যাচাই করে দেখতে পারেন তাঁরা। পরে সজল তালুকদারকে সঙ্গে নিয়ে আমির উদ্দিনের কাছে যান তাঁর বন্ধুরা।

চানাচুর বিক্রেতা আমির উদ্দিন জানান, ব্যাগটি পাওয়ার সময় পাশে রিকশাচালক আবু সাইদ ছিলেন। তবে ব্যাগের ভেতরে স্বর্ণালংকার রয়েছে, তা সাইদ জানতেন না। ব্যাগ খুলে ভেতরে স্বর্ণের গয়না দেখে ভয় পেয়ে যান তিনি। পরে সঙ্গে থাকা ছেলে তারেকের হাতে গয়নাগুলো দিয়ে সাবধানে ঘরে রেখে আসতে বলেন। আর ব্যাগটি নিজের কাছে রাখেন। পরে সজল তালুকদারের কাছ থেকে সবকিছু শোনার পর তিনি স্বর্ণালংকারগুলো ফেরত দিতে চান। তবে সজল তাঁকে জানান, যেহেতু বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তাই থানায় গিয়েই তিনি ব্যাগটি বুঝে নেবেন।

পরে রোববার রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানার ওসির কক্ষে স্বর্ণালংকারসহ ব্যাগটি ফেরত দেওয়া হয়। তিন ভরি স্বর্ণালংকার ফেরত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে সুনামগঞ্জ সদর থানা-পুলিশ। এরপর ভিডিওটি ছড়িয়ে পড়ে।

আমির উদ্দিন জানান, তিনি দরিদ্র মানুষ। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে তাঁর সংসার। শহরের পশ্চিমবাজার এলাকায় একটি ভাঙাচোরা ভাড়া ঘরে থাকেন। নিজের কোনো ঘরবাড়ি নেই।

তিনি বলেন, ‘সোনা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। পরে ছেলেকে দিয়ে ঘরেও পাঠিয়েছি সাবধানে রাখার জন্য। আমার দোকানেও রাখা নিরাপদ নয়। তিনবার দোকানে চুরি হয়েছে। ছোটবেলা থেকে কষ্ট করে চলি। পরের জিনিসের প্রতি আমার লোভ নেই।’

সজল তালুকদার বলেন, ‘আমরা তিনজন মিলে চার ঘণ্টা বাজারে ব্যাগটি খুঁজেছি। আমির উদ্দিনকে সৎ ও সরল মানুষ মনে হয়েছে। উপহার হিসেবে তাঁকে কিছু টাকা দিয়েছি। তিনি টাকা নিতে চাননি, জোর করে দিয়েছি।’

সোমবার বদলি হয়ে চলে যাওয়া সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ‘ব্যাগসহ স্বর্ণালংকার হারানোর বিষয়টি সজল তালুকদার থানায় জানিয়েছিলেন। রাস্তায় পাওয়া সেই ব্যাগটি চানাচুর বিক্রেতা আমির উদ্দিন ফেরত দিয়েছেন। তাঁকে সৎ ও ভালো মানুষ মনে হয়েছে। তাঁর কারণেই ব্যাগটি ফেরত পাওয়া গেছে। নইলে এত টাকার স্বর্ণালংকার হয়তো ফেরত পাওয়া যেত না।’​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. বিএনপির মিছিলে প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় গুলিবিদ্ধ ৫ সদ্য. বহিষ্কারাদেশ প্রত্যাহারের উদ্যোগ, বিএনপিতে ফিরতে পারেন ৭ বহিষ্কৃত এমপি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. রাজধানী থেকে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. সিইও পদে জেনসেন হুয়াংকে ফের ফিরিয়ে আনল এনভিডিয়া সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ