২০২৭ সালের পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হতে পারে, তা নিয়ে এরই মধ্যে আগ্রহ তৈরি হয়েছে মুসলিমদের মধ্যে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রমজানের প্রথম দিন নির্ধারণে চাঁদ দেখা গুরুত্বপূর্ণ হওয়ায় শেষ সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৮ হিজরি সনের রবিউস সানি মাস শুরু হয়েছে শনিবার (১২ সেপ্টেম্বর)। এর মাধ্যমে রমজানের আগমনের সময় আরও ঘনিয়ে এসেছে। বর্তমানে ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী রমজানের আগে আর পাঁচটি চন্দ্রমাস রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার সম্ভাব্য সময় ধরা হচ্ছে। ওই দিন চাঁদ দেখা গেলে রাত থেকেই তারাবির নামাজ শুরু হতে পারে। সেক্ষেত্রে পরদিন সোমবার, ৮ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা পালনের সম্ভাবনা রয়েছে।
তবে নির্ধারিত সন্ধ্যায় চাঁদ দেখা না গেলে রমজানের শুরু এক দিন পিছিয়ে যেতে পারে। কারণ ইসলামি চান্দ্র মাসের সূচনা সরাসরি নতুন চাঁদ দেখার সঙ্গে সম্পর্কিত। ফলে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস ও বাস্তবে চাঁদ দেখার ভিত্তিতে রমজানের প্রথম দিনে পরিবর্তন হতে পারে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস ২৯ কিংবা ৩০ দিন স্থায়ী হয়। রমজান শেষে শাওয়ালের নতুন চাঁদ দেখা গেলে মুসলিমরা উদযাপন করবেন পবিত্র ঈদুল ফিতর।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ২০২৭ সালের ঈদুল ফিতর ১০ মার্চ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রমজানের মতো ঈদের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার সিদ্ধান্তের পরই নিশ্চিত হবে।
সদ্য সংবাদ/এসএস