ইসলামী বর্ষপঞ্জির সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ মাসগুলোর একটি রমজান। চাঁদ দেখার ওপর নির্ভর করে প্রতিবছর ভিন্ন সময়ে শুরু হয় এই মাস। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, ২০২৭ সালের রমজান আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এ তারিখ এখনো চূড়ান্ত নয়। রমজানের সূচনা নির্ধারিত হবে শাবান মাসের শেষে নতুন চাঁদ দেখার ভিত্তিতে। ফলে দেশভেদে রোজা শুরুর তারিখ এক দিন আগে-পরে হতে পারে।
হিজরি বর্ষের নবম মাস রমজান। চন্দ্রভিত্তিক এই ক্যালেন্ডারের একটি বছর সাধারণত ৩৫৪ দিনের হওয়ায় গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় রমজান প্রতিবছর প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে।
চাঁদ দেখা নিয়ে যা জানা যাচ্ছে
জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ৬ অথবা ৭ ফেব্রুয়ারি রমজানের নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ৬ ফেব্রুয়ারি অনেক এলাকায় চাঁদ দেখা নাও যেতে পারে। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সেই হিসাব অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশে ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ভৌগোলিক অবস্থান ও স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে অন্য দেশগুলোতে তারিখ ভিন্ন হতে পারে।
ঈদুল ফিতর কবে?
রমজান মাস ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, সেটিও নির্ধারিত হবে শাওয়ালের চাঁদ দেখার ওপর। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ২০২৭ সালের ৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।
সেদিন চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে ১০ মার্চ বুধবার ঈদ হতে পারে।
তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে।
সদ্য সংবাদ/এসকে