দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই উদ্যোগের প্রথম ধাপে সোমবার (২৩ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান এখনও নির্ধারণ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলার মতো ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে।
এর আগে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সংলাপের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে থানা, সংসদ সদস্যদের বাসভবন এবং গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। নিহতদের মধ্যে বিএনপির একাধিক নেতাকর্মী রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সদ্য সংবাদ/এসএস