ভারতে বসে শেখ হাসিনাকে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি প্রশ্ন করেছেন, ‘এটা কি ভারতের উদ্বেগের বাইরে হচ্ছে?’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠাতে হবে। তিনি প্রশ্ন করেন, ‘এটা কি মামুর বাড়ির আবদার! একজন পতিত ফ্যাসিস্ট জনগণের ধাওয়ায় দেশ থেকে পালিয়েছেন। দেশের সম্পদ লুটপাট করে পালিয়েছেন। তাঁকে সামরিক বিমান দিয়ে ফিরিয়ে আনতে হবে!’
নুর আরও বলেন, ‘এর অর্থ পরিষ্কার, শেখ হাসিনার ডিসেম্বরে ফেরা নিয়ে যেসব ঘটনা ঘটছে, এর পেছনে দিল্লির হাত রয়েছে। এটা সরকারের বক্তব্য নয়, এটা গণঅধিকার পরিষদের বক্তব্য, এটা ব্যক্তি নুরুল হক নুরের বক্তব্য।’
তিনি বলেন, বাংলাদেশ ভালো বন্ধুরাষ্ট্র পায়নি, পেয়েছে দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র। দিল্লি সব সময় বাংলাদেশকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করে। শেখ হাসিনাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের পেছনেও দিল্লি রয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।
শ্রমিক আন্দোলনকারীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশে বলতে চাই, দিল্লির ষড়যন্ত্রে গার্মেন্টস সেক্টরকে নষ্ট করা যাবে না। আপনাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করি, আমরা অতীতে আন্দোলন করেছি, লোভলালসা আমাদের ছিল না, এখনো নেই।’
নিজের মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে যদি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সাংবাদিকরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে আমার প্রতিমন্ত্রীর রেফারেন্সে একটি লাইসেন্সও বের করতে পারেন, তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেব। কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান যদি বের করতে পারেন, যারা এই মন্ত্রণালয় থেকে আমার কারণে বিশেষ সুবিধা নিচ্ছে, তাহলে পদত্যাগ করব।’
সদ্য সংবাদ/ এআর