রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা গাড়িটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির শীর্ষ নেতারা।
এবি পার্টির পক্ষ থেকে জানানো হয়, মুখোশ ও মাস্ক পরা কয়েকজন ব্যক্তি অটোরিকশায় করে এসে মঞ্জুর গাড়ির কাছে যায়। এরপর বোতলে থাকা দাহ্য পদার্থ গাড়িটির গায়ে ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখতে পেয়ে আগুন নেভানোর উদ্যোগ নেন। তবে এরই মধ্যে গাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বিবৃতিতে তারা বলেন, একটি রাজনৈতিক দলের প্রধানের গাড়িতে রাতের আঁধারে এ ধরনের হামলা রাজনৈতিক অসহিষ্ণুতা ও ভীতি সৃষ্টির অপচেষ্টা। এমন ঘটনা দেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য উদ্বেগজনক। অগ্নিসংযোগ কিংবা ভয়ভীতি দেখিয়ে এবি পার্টির কার্যক্রম বন্ধ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তারা।
নেতৃদ্বয়ের অভিযোগ, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তদন্তের ফলাফল প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের মতো অপরাধ প্রতিরোধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের পরিচয় শনাক্ত, দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
সদ্য সংবাদ/এসএস