সরকারের পাশে দাঁড়াতে এক শর্ত দিল জামায়াত

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর, ২০২৬ ১৬:৪৯:৫০
ছবি: সংগৃহীত

গণভোটের ফল মেনে নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্যোগ নিলে সংসদে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায়কে স্বীকৃতি দিলে চলমান রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে এবং সরকারের প্রতি জনগণের আস্থা ফিরতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। জামায়াতের দাবি, প্রায় ৭০ শতাংশ ভোটার সনদের পক্ষে মত দিয়েছেন। কিন্তু সরকার সেই রায় উপেক্ষা করে দেশ পরিচালনা করছে বলে মনে করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। তাদের মতে, এ অবস্থানের কারণে রাজনৈতিক অস্থিরতা ও সরকারের প্রতি জন-আস্থার সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, সরকার আনুষ্ঠানিকভাবে গণভোটের রায় মেনে নেওয়ার ঘোষণা দিলেই জামায়াত তাদের চলমান কর্মসূচি প্রত্যাহার করবে। এরপর সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়নে সংসদীয় প্রক্রিয়ায় সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করতে পারবে। তবে সরকারের পক্ষ থেকে সহযোগিতার কোনো আনুষ্ঠানিক প্রস্তাব জামায়াতের কাছে আসেনি বলেও জানান তিনি।

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানায় দলটি। গোলাম পরওয়ারের অভিযোগ, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সহিংসতা, সড়ক অবরোধ, যানবাহনে হামলা, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটছে। জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলার অভিযোগ করেন তিনি।

এ ছাড়া মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, পুলিশের ওপর আক্রমণ এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে বলে দাবি করেন জামায়াতের এই নেতা। তার ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বললেও মাঠপর্যায়ের পরিস্থিতির সঙ্গে সেই বক্তব্যের মিল নেই।

জনগণের নিরাপত্তা ও সরকারি স্থাপনা সুরক্ষায় সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান গোলাম পরওয়ার। একই সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো দায়িত্বে রয়েছেন বলেও অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার দাবি, প্রশাসনের একটি অংশের ভূমিকার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এসব ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

সহিংসতা ও সন্ত্রাসের প্রতিবাদে ডিসেম্বরজুড়ে কর্মসূচি পালনের ঘোষণা দেন গোলাম পরওয়ার। এর অংশ হিসেবে আগামী ২১ নভেম্বর শনিবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার কথা জানান তিনি। কর্মসূচিতে অন্যান্য রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকেও অংশ নেওয়ার আহ্বান জানান।

পোশাকশিল্পের চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পের নিরাপত্তাও বজায় রাখতে হবে। শ্রমিকদের দাবির আড়ালে কোনো পক্ষ উসকানি দিচ্ছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শ্রমিক ও শিল্প—উভয়ের স্বার্থ রক্ষায় জামায়াত সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান।

আওয়ামী লীগের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, দলটির প্রত্যাবর্তনে জামায়াত সমর্থন দেবে না। আর বিএনপির সঙ্গে যৌথভাবে রাজপথে কর্মসূচি দেওয়ার বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার পরিচালনা করছে এবং জামায়াত বিরোধী দলের দায়িত্বে রয়েছে। তবে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের সঙ্গে জামায়াতের অবস্থান অভিন্ন বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. গৃহযুদ্ধের পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার সদ্য. গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সদ্য. সব এমপিকে দ্রুত নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ঘোষণা সদ্য. ফতুল্লায় শামীম ওসমানের বাড়িতে আগুন সদ্য. মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পেট্রোল পাম্পে হামলা-ভাঙচুর সদ্য. বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক সদ্য. সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ