জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘অ্যালামনাই পুনর্মিলনী-২০২৬’। বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে পুনর্মিলনীর বিভিন্ন আয়োজন ও প্রস্তুতির বিষয় তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা। একই সঙ্গে বিভাগের সব ব্যাচের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. খলিলুর রহমান খলিল, সহসভাপতি মো. আবু ইউসুফ, বোরহান উদ্দীন ও নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মামুন ভূঁইয়া, অর্থ সম্পাদক সাইফুর রহমান ফাহাদ এবং প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক যুবাঈর হুসাইন সামী।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা বলেন, দীর্ঘদিন পর বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের একত্র হওয়ার এ আয়োজন সফল করতে সব ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়োজনের মাধ্যমে বিভাগের ঐতিহ্য, ভাবমূর্তি ও অবস্থান তুলে ধরার পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন আরও সুদৃঢ় হবে।
তাঁরা আরও জানান, পুনর্মিলনী সফল করতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণের পাশাপাশি অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবেন। এ আয়োজনের মধ্য দিয়ে প্রিয় বন্ধু, সিনিয়র-জুনিয়র এবং শ্রদ্ধেয় শিক্ষকদের সঙ্গে দীর্ঘদিনের স্মৃতি রোমন্থন ও পুরোনো সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।
সদ্য সংবাদ/ এআর