গোপালগঞ্জে থানা ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব দাবি তুলে ধরা হয়।
পোস্টে দলটি জানায়, গোপালগঞ্জে থানায় অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা এবং সরকারি স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলার অভিযোগও উল্লেখ করা হয়। এসব ঘটনাকে রাষ্ট্রের প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন হিসেবে দেখছে জামায়াত।
দলটির দাবি, এসব ঘটনার পর গোপালগঞ্জের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থানের কথা বললেও মাঠপর্যায়ে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলেও পোস্টে অভিযোগ করা হয়।
এ পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াত। একই সঙ্গে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
সদ্য সংবাদ/এজে