আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের কর্মসূচি পালনে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, আওয়ামী লীগ যদি সত্যিই শক্তিশালী রাজনৈতিক দল হতো, তাহলে দলটির সভাপতি শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েও তিনি বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছেন। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন তুলে শফিকুর রহমান বলেন, দলটি শক্তিশালী হলে তাদের নেত্রীকে দেশ ছাড়তে হতো না।
বক্তব্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়েও সরকারের কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকারকে এখনই ফ্যাসিস্ট আখ্যা দিতে চান না তাঁরা। তবে জনগণের সামনে দেওয়া অঙ্গীকার পূরণ না করে জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে আসাকে প্রতারণা বলে মনে করেন তিনি।
শফিকুর রহমানের অভিযোগ, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে সরকার সংবিধান সংশোধন নিয়ে আলোচনা করছে। যাঁরা জুলাইয়ে প্রাণ দিয়েছেন ও রক্ত দিয়েছেন, তাঁদের প্রত্যাশার বিপরীতে নতুন করে কোনো কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না।
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষক নিয়োগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তাঁর দাবি, বিভিন্ন স্কুল-কলেজে পরিচালনা কমিটির দায়িত্বে সন্ত্রাসীদের বসানো হচ্ছে। যোগ্য ও মেধাবী শিক্ষকদের পাশ কাটিয়ে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষক নিয়োগের চেষ্টা চলছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোট কারচুপি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখার কথাও জানান তিনি।
সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, তরুণদের একটি অংশকে চাঁদাবাজি ও দখলদারত্বের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। এর ফলে খুন, ধর্ষণ, মাস্তানি ও চাঁদাবাজির মতো অপরাধ বাড়ছে বলে দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী শাসনের পথে এগোচ্ছে। সরকারের দ্বিমুখী অবস্থানের কারণে সনদটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টার নিয়ে যেতে হবে’ এমন কথা বলার অধিকার ভারতের নেই।
সম্মেলনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস