রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. আব্দুল ওয়াহিদ দলটির লেক সিটি ইউনিটের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ সোহরাব আল হোসাইন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৮ নভেম্বর) অভিযান চালিয়ে ওয়াহিদকে আটক করা হয়। পরে সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার খিলক্ষেত এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলটির নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেন। এসব ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল ওয়াহিদের বিরুদ্ধে।
পুলিশ আরও জানায়, আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে এলাকায় বিভিন্ন ব্যক্তির জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে গেলেও জমি দখলসংক্রান্ত কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ পেয়েছে পুলিশ। এ ছাড়া সরকারবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
খিলক্ষেত, উত্তরা পশ্চিম ও পল্টন থানাসহ বিভিন্ন থানায় জুলাই গণহত্যা ও জমি দখলের অভিযোগে ওয়াহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মুহাম্মাদ সোহরাব আল হোসাইন বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকা আব্দুল ওয়াহিদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ককটেল বিস্ফোরণ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আব্দুল ওয়াহিদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের নামাপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
সদ্য সংবাদ/এজে