সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে প্রভাবশালীদের অগ্রাধিকার পাওয়ার প্রবণতা নিয়ে সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ব্যঙ্গাত্মক মন্তব্যে তিনি বলেন, সরকার বিধবা কার্ড চালু করলে সবার আগে তা নেবেন কোনো সংসদ সদস্যের স্ত্রী।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সম্প্রতি সার ডিলার নিয়োগ ও কার্ড বিতরণের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের স্বজনদের সুবিধা পাওয়ার বিষয়টি সামনে এসেছে। তার ভাষ্য, কোনো সংসদ সদস্যের ছেলে, মেয়ে কিংবা শ্যালিকার মতো স্বজনেরাও এসব সুবিধা পেয়েছেন বলে দেখা গেছে।
তিনি বলেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে বিধবা কার্ড কিংবা বেকার কার্ডের মতো সরকারি সহায়তা কর্মসূচিতেও প্রভাবশালীদের পরিবারের সদস্যরা সাধারণ মানুষের আগে সুবিধা নেবেন। তার বক্তব্যে সরকারি সুযোগ-সুবিধা বিতরণে বৈষম্য ও স্বজনপ্রীতির বিষয়টি উঠে আসে।
অনুষ্ঠানে চুয়েটের উপাচার্য নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, উপাচার্যকে শিক্ষক-শিক্ষার্থীরা চান না। এ অবস্থায় ছাত্রদলের কয়েকজনকে নিয়ে চেয়ার দখল করতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ড দেশকে আবারও পিছিয়ে নেওয়ার শামিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির মহানগর আহ্বায়ক শওকত আলী, জেলা আহ্বায়ক জুবায়ের সরদার এবং মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ পর্বে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সদ্য সংবাদ/এসএস