বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ, দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং নেপালের চলমান উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কারকিও উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে নেপালে সাম্প্রতিক ভূমিধস ও পাহাড়ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সহমর্মিতা জানান ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি নেপালের বর্তমান পরিস্থিতি এবং উদ্ধার তৎপরতার অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রদূতের কাছে জানতে চান।
জবাবে নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ করা সহানুভূতির জন্য কৃতজ্ঞতা জানান। দুর্যোগের পর থেকেই শফিকুর রহমানের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া ও শোক প্রকাশের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
বৈঠকে নেপালের বিভিন্ন এলাকায় দুর্যোগের প্রভাব, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূত বিস্তারিত অবহিত করেন। এ সময় বাংলাদেশের সঙ্গে নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দুর্যোগকবলিত নেপালের জনগণের পাশে থাকার আশ্বাস দেন জামায়াতে ইসলামীর আমির।
তিনি বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যেকোনো দুর্যোগ বা সংকটে মানবিক দৃষ্টিকোণ থেকে নেপালের মানুষের পাশে থাকার বিষয়ে জামায়াতে ইসলামী আন্তরিক।
সাক্ষাতে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ।
সদ্য সংবাদ/এসএস