জাতিসংঘের সংস্কার কার্যক্রম এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এ বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী জানান, বৈঠকটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। এ সময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করায় খলিলুর রহমানকে শুভেচ্ছা জানান তিনি।
ভারতীয় হাইকমিশনার বলেন, সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের সঙ্গে সরাসরি দেখা করে শুভেচ্ছা জানানোর সুযোগটি তিনি কাজে লাগিয়েছেন। এর আগে ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানালেও সরাসরি উপস্থিত হয়ে অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত।
বৈঠকের আলোচ্য বিষয় তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, জাতিসংঘের সংস্কার নিয়ে খলিলুর রহমানের বক্তব্য ও উদ্যোগ সম্পর্কে তার আগ্রহ রয়েছে। সংস্কারের বিষয়গুলো কী এবং এ ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, তা বোঝার চেষ্টা করেছেন তিনি।
তিনি আরও বলেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টি শুধু একটি দেশের জন্য নয়, বরং সংশ্লিষ্ট সবার অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত। এ কারণে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থেকেই খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছেন।
খলিলুর রহমানের দ্বৈত দায়িত্ব প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার স্পষ্ট করেন, তার সঙ্গে সাক্ষাৎটি হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবেই।
সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে দীনেশ ত্রিবেদী বৈঠকের জন্য খলিলুর রহমানকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ বিষয়ে আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আলোচনাটি সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমাবদ্ধ রাখার অনুরোধ করেন।
উল্লেখ্য, এর আগে খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। এ ছাড়া চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সও তার সঙ্গে বৈঠক করেন।
সদ্য সংবাদ/এজে